Monday, February 14, 2022

স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি জাহিদ গ্রেফতার


 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্র ইয়ামিন হাসান হত্যা মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রবাস গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।


জাহিদকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন জেল হাজতে পাঠানোর আদেশ দেন। জাহিদ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের পালপাড়ার আসাদুল মেম্বারের ছেলে ও বখাটে যুবক।

জানা যায়, শনিবার দুপুরে জাহিদ একই পাড়ার ইয়ামিন ও তার এক বন্ধুর কাছে চানাচুর ভাজা কিনতে দেয়। ইয়ামিন ১০ টাকার কম চানাচুর কম আনলে জাহিদসহ পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ইয়ামিনকে গাছের সাথে বেঁধে মারপিট করে। পরে ইয়ামিনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর লাশ আম বাগানে লুকিয়ে রাখে।

পরে দুপুরে ইয়ামিনের পরিবারের সদস্যরা আম বাগান থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইয়ামিনের মা রিনা খাতুন বাদী হয়ে রোববার দুপুরে দামুড়হুদা থানায় ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল।

দামুড়হুদা থানা পুলিশ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রবাস গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করে। একই দিন দুপুরে জাহিদকে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন বিচারক। তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

Wednesday, February 2, 2022

বিদেশিরা ক্ষমতায় বসাবে না, বসাবে জনগণ: সেতুমন্ত্রী


 

বিএনপি নতজানু, ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বিএনপি নেতাদের দেশের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের কাছে যায় না, যায় বিদেশিদের কাছে আর বিদেশি দূতাবাসের কাছে। ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ।

তিনি আরও বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে, এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশি এ কাজ করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, এই প্রবাসী বাংলাদেশি কে? তার পরিচয় কেন প্রকাশ করেননি? বিএনপি নেতারা বলেছেন এ ধরনের কার্যক্রম তাদের নৈতিক সমর্থন আছে এবং তারা এতে সংহতি প্রকাশ করেন। ওবায়দুল কাদের মনে করেন এ থেকেই সবকিছু স্পষ্ট হয়।

জনগণ এসব কৌশলী জবাব কথামালার চাতুরিতে বিভ্রান্ত হয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ জানে বিএনপির আসল পরিচয়।

বিএনপি মহাসচিব ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে চিঠি লেখা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ভাষায় নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন। অন্তত চিঠি লেখার কথাতো স্বীকার করেছেন।

ওবায়দুল কাদের আবারও প্রশ্ন রেখে বলেন, তারা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তবে কি বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে?