Friday, December 24, 2021

স্কুলে ভর্তিতে বয়স জটিলতা, যা বললেন মাউশি পরিচালক

 

লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে পারেননি অনেক শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আন্দোলনে নামেন। গতকালও (মঙ্গলবার) তারা কর্মসূচি পালন করেছেন। অবশেষে আন্দোলনের মুখে বিষয়টি সমাধান হয়েছে।



বয়সের জটিলতা নিয়ে বুধবার (২২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী- ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণি ছাড়া আর কোনো শ্রেণিতে বয়স কোনো বাধা হবে না।

তিনি আরও বলেন, গত বছর ভর্তির সময় বয়স নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের নির্দেশে- তা সংশোধন করা হয়েছিল। এখন স্কুলে ভর্তির বয়সের বিষয়ে সংশোধনী দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়স ৬ বছর হতে হবে। আর কোনো শ্রেণিতে ভর্তি হতে বয়স বাধা হবে না।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধনী নীতিমালায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের অ্যান্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার্থীর বয়স জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছর হতে হবে। সে হিসাবে ২য় থেকে ৯ম শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে। ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

জানেন কি আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে?

    • রেজানুর রহমান

 

আজকের লেখাটি অনেকের কাছেই প্রেরণার উৎস হতে পারে ভেবে সাহস করেই লিখছি। তবে আমার লেখা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো লেখার বিষয়বস্তু। একটি ছোট্ট মেয়ে, নাম লারিসা রোজান। বয়স মাত্র ১০ বছর। সে সমুদ্র পাড়ি দিতে বাংলা চ্যানেলে নেমেছিল।


একটানা প্রায় পাঁচ ঘণ্টা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে সাঁতার কেটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় লারিসাকে অনেকটা জোর করেই রেসকিউ বোটে উঠিয়ে নেওয়া হয়। বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার লড়াইয়ে ছোট্ট লারিসার সাথে সহযোগী হিসেবে ছিলেন বাবা ভ্রমণবিদ আক্তারুজ্জামান ও লারিসার চেয়ে বয়সে তিন বছরের বড় ভাই আরবিন। বাবার সাথে দুই ভাই-বোন সমান তালে সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় প্রথমে আরবিনকে রেসকিউ বোটে তুলে নেওয়া হয়। লারিসা রেসকিউ বোটে উঠতে রাজি হচ্ছিল না। সাঁতার সহযোগী বাবা আখতারুজ্জামান মেয়েকে বার বার অনুরোধ করছিলেন, ‘সমুদ্র অনেক বেশি উত্তাল হয়ে উঠেছে। চলো এবারের মতো সাঁতার শেষ করি। পরের বছর না হয়...’ বাবার কথা শুনে সমুদ্রের বিশাল ঢেউয়ে হাবুডুবু খেয়েও সাঁতরে যাচ্ছিল লারিসা। বাবাকে অনেকটা নির্দেশের সুরে বলেছিল, কথা বলো না। সামনে তাকাও। সাঁতরাতে থাকো... পরে অনেকটা জোর করে লারিসাকে রেসকিউ বোটে উঠিয়ে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সমুদ্রে লারিসার সাঁতার সংগ্রামের রুদ্ধশ্বাসপূর্ণ দৃশ্য দেখে অবাক হয়েছি। সামান্য পুকুরের পানিতে নামতে আমাদের কিশোর বয়সী ছেলে-মেয়েরা কী যে ভয় পায় তা সবাই জানি। আর সেখানে উত্তাল সমুদ্রে সাঁতারে নেমেছিল লারিসা। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। বিশাল ঢেউয়ে ছোট্ট লারিসা মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছিল। পাশেই যাচ্ছিল রেসকিউ বোট। বোটে বসেছিলেন লারিসার মাসহ আরও কয়েকজন উদ্ধারকর্মী। লারিসার জন্য তাদের ভয় হচ্ছিল। পাছে না লারিসা সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যায় এই আশঙ্কায় মায়ের বুক কেঁপে উঠছিল বার-বার। কিন্তু ছোট্ট লারিসা ছিল নির্ভার। সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে লড়াই করেই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারেনি লারিসা। 

একটানা  প্রায় পাঁচ ঘণ্টা সমুদ্রে সাঁতার কেটেছে সে। প্রচার মাধ্যমে সে বলেছে, ‘এবার পারলাম না। পরের বার আশা করি পারব।’ আমাদের বিশ্বাস লারিসা পারবে। শুধু বাংলা চ্যানেল নয় আরও অনেক বিস্ময়কর অর্জন তার জন্য অপেক্ষা করছে বলে আমার ধারণা।

Wednesday, December 15, 2021

ক্যামেরার সামনে ফিরছেন মাহি, সঙ্গী ইমন


 

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন দিন কয়েক আগেই। সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ফিরেই এবার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মাহি।


চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করবেন। চয়নিকা চৌধুরী থাকবেন এই ওয়েব ফিল্মের পরিচালনায়।  এ জন্য আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি। শুটিং হবে ধামরাইয়ে।

ওয়েব ফিল্মে অভিনয় নিয়ে সংবাদমাধ্যমে মাহি বলেন, 'চয়নিকা দিদির সঙ্গে কাজটিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। শিডিউল অনেক আগেই দেওয়া ছিল, সেই অনুযায়ী শুটিংয়ে অংশ নেব।’

ওয়েব ফিল্মে মাহির সঙ্গে অভিনয় করবেন ইমন। এর আগে তারা একত্রে জুটি বেঁধে 'মাফিয়া' নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেন। এই ফিল্ম এখনো রয়েছে মুক্তির অপেক্ষায়।

বর্তমান সময়ে মাহি রয়েছে সংবাদ মাধ্যমের শিরোনামে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই রেকর্ডে শোনা যায়,  মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডা. মুরাদ হাসান। মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছিলেন তিনি। এরপর বিতর্কের ঝড় উঠে দেশজুড়ে। তার প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর পদ হারান মুরাদ।

সেই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে গত ৬ ডিসেম্বর রাতে অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে কথা বলেন। তিনি বলেন, সেদিন ঘটনা ঘটার পর আমি বেশ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানে কতটুকু আঘাত লেগেছে সেটি আমি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণ লজ্জিত নিজের কাছেও সেই সঙ্গে দেশবাসীর কাছে। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন। এটা ঠিক দুই বছর আগের ঘটনা ছিল।

Tuesday, December 14, 2021

কাদেরের শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক


 

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।


সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি জানান, গতকালের চেয়ে এখন অনেকটা ভালো আছেন ওবায়দুল কাদের। ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। আগামী ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। বর্তমানে তার কোনো শ্বাসকষ্ট নেই বলে জানিয়েছেন এ চিকিৎসক।
 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। যেখানে ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, আবু নাসির রিজভি ছিলেন,  কার্ডিওলজি প্রফেসর ফজলুর রহমান, রেসপুরেটরি মেডিসিনের প্রফেসর আতিক রহমান, এন্ডোক্রনোলজির ফরিদুর রহমান, নেফ্রলজির নজরুল ইসলাম, মেডিসিনের প্রফেসর আরাফাত, প্রো-ভিসি এ কে এম মোশারফ ও জাহিদ হোসেন।
 
ভর্তির পর মো. শারফুদ্দিন আহমেদ বলেছিলেন, এখনও পর্যন্ত ঝুঁকি আছে বলে আমরা মনে করি না। যদি কোনো রকম কোনো সমস্যা হয় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
 
ওইদিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান ওবায়দুল কাদের। সে সময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান। পরে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যান তিনি।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের।
 
সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
 
এরপর ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা নেওয়ার পর ওই বছরের ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আইসিইউতে ৬ মাস অজ্ঞান থাকা খিজমত আলী এখন কোটিপতি


 

জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের ওমানে গিয়ে সড়ক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারান ঠাকুরগাঁওয়ের খিজমত আলী। ২০১৭ সালে ওই দুর্ঘটনায় ছয়মাস আইসিইউতে থাকার পর তাকে ফেরত পাঠানো হয় দেশে।


তবে খিজমত আলীর দুর্ঘটনায় ক্ষতিপূরণের জন্য আইনি পথ বেছে নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়। চার বছর শুনানির পর খিজমত আলীকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় ওমানের আদালত।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনে মন্ত্রী ইমরান আহমদ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে ক্ষতিপূরণের ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকার একটি চেক খিজমত আলীর হাতে প্রদান করেন।

এসময় ইমরান আহমদ বলেন, আমাদের দেশের কোনো প্রবাসী কর্মী বিদেশে যদি তার অর্থ পাওয়ার একটা ব্যবস্থা থাকে ইনসুরেন্স অথবা ব্যাকপে অনেকের বকেয়া বেতন তখন আমরা চেষ্টা করি সেগুলো আদায় করে আনতে। আমাদের লেবার গোয়িং যেগুলো আছে এটা কিন্তু মূলত তাদের কাজ; ওয়েলফেয়ার কাজ তারাই করে ওটার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করি।

ওমানে খিজমতের দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকা আহত খিজমত আলী পেয়েছেন তার কর্মস্থলের মাধ্যমে।

মন্ত্রী জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেখানে আদালতে বিষয়টা সুরাহা হয়েছে। এর জন্য প্রায় চার বছর সময় লেগে গেছে। গত নভেম্বরে এই অর্থ দূতাবাসের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসে।

খিজমত আলীর ছোট ছেলে আমির হোসেন সংবাদমাধ্যমকে জানান, তার বাবা ২০১২ সালে ওমানে যান। সেখানে ফল প্যাকেজিং কাজের পাশাপাশি কৃষিকাজ করতেন। তবে কর্মস্থল থেকে চা খেতে গেলে রাস্তায় একটি গাড়ি এসে তার বাবাকে পেছন থেকে ধাক্কা দেয়।

আমির হোসেন বলেন, দুর্ঘটনার সময় আব্বু আমার মায়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলছিলেন। আর ওইসময় আব্বু দুর্ঘটনা করেন। পরে যিনি আব্বুকে হাসপাতালে নিয়ে যান তিনি আমাদের ফোন করে দুর্ঘটনার খবর জানান।

এরপর টানা তার বাবার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেননি জানিয়ে আমির হোসেন বলেন, আব্বু ছয় মাস হাসপাতালে আইসিইউতে ছিল; ছয় মাস পরে তার জ্ঞান ফিরেছিল। তারপর আমরা আব্বুকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে এনে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করায়।
আমির জানান, তার বাবাকে এখনো বিভিন্ন থেরাপি ও ম্যাসাজ দেয়া লাগে। টাকার অভাবে তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এখন ক্ষতিপূরণ পাওয়ায় ভালোভাবে চিকিৎসা করাতে পারবেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন।

ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোন আনলক করে ২০ লাখ টাকা চুরি

প্রতিক ছবি

 চীনে হুয়াং নামে এক ব্যক্তিকে ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার আনলক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেমিকা যখন ঘুমাচ্ছিলেন, মোবাইল আনলক করার জন্য তার আঙুলের ছাপ নেন। সেটা দিয়ে প্রেমিকার ফোন খোলেন। কিন্তু ফোন থেকে প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ খোলার জন্য ফেসিয়াল রিকগনিশন-এর প্রয়োজন ছিল। হাতের ছাপ তো পেয়ে গিয়েছেন, কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ফোনের এই ফিচার। তবে সেটাও ভাঙতে খুব একটা বেগ পেতে হয়নি হুয়াংকে। খুব সাবধানে ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনে স্ক্যান করতেই ব্যাংকের অ্যাপ খুলে যায়। তার পর সেই অ্যাকাউন্টের পাসোয়ার্ড পরিবর্তন করেন এবং অ্যাকাউন্ট থেকে দেড় লাখ ইয়ুন বা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে সেখান থেকে পালিয়ে যান।


এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন হুয়াংয়ের প্রেমিকা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই কাণ্ডের পেছনে হুয়াংয়ের হাত রয়েছে। তার পরই তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে বিষয়টি উঠলে বিচারক হুয়াংকে ২০ হাজার ইয়ুন বা প্রায় ২৭ লাখ টাকা জরিমানা করেন এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন।

সূত্র: মেইল অনলাইন

২০২২ সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে সড়কে শিক্ষার্থীরা


 

সংক্ষিপ্ত সিলেবাস ও তিন বিষয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


দুপুরে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে ওই মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সিলেবাস শেষ করতে পারেনি। অনলাইনে যেসব ক্লাস হয়েছে সেখানে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

বেশির ভাগ শিক্ষার্থীই বিদ্যালয়ের ক্লাসে পড়াশোনার ওপর নির্ভরশীল। তাই বিশেষ বিবেচনায় আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা গ্রুপভিত্তিক তিন বিষয়ে এবং ৩০ শতাংশ সিলেবাসে নেওয়ার দাবি তাদের। সব বিষয়ে পরীক্ষা নেওয়া হলে তা তাদের জন্য কঠিন হবে বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের।

Monday, December 13, 2021

কানাডায় চিরদিনের জন্য ‘নিষিদ্ধ’ ডা. মুরাদ!


বিতর্কিত বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে না দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।



 তারা বলছেন, এমন ব্যাক্তিকে ঢুকতে না দিয়ে সঠিক কাজ করেছে কানাডা কর্তৃপক্ষ। দেশের ভাবমূর্তি নষ্ট করায় অনেকে তার শাস্তির দাবিও জানিয়েছেন।


গত কয়েকদিন ধরেই আলোচনার তুঙ্গে ডা. মুরাদ হাসান। এর মধ্যে তার কানাডায় ঢুকতে না পারার ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
 
বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছান ড. মুরাদ হাসান। এরপর কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএস কর্মকর্তারা প্রায় ৩ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় মুরাদ হাসান কানাডায় ডায়াবেটিকসসহ স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন বলে জানান।

তার উত্তর সিবিএস কর্মকর্তাদের কাছে অবান্তর ঠেকলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার রাতে দেশের উদ্দেশে ফেরত পাঠানো হয়। এমনকি তিনি যাতে ভবিষ্যতে কানাডায় প্রবেশ করতে না পারে সেজন্য তার আঙ্গুল ও হাতের ছাপ, ছবি এবং স্বাক্ষর সংগ্রহ করে রাখে ইমিগ্রেসন কর্তৃপক্ষ।
 
এমন খবরের পরপরই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন মুরাদ। অনেকে কানাডা কর্তৃপক্ষের পদক্ষেপের প্রশংসা করেছেন।

এর আগে ড. মুরাদ হাসানের কানাডায় আসা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। কানাডায় তার প্রবেশ প্রতিহত করতে দেশটির বিভিন্ন সরকারি দপ্তর, ইমিগ্রেসন অফিস এবং কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির কাছে লিখিত আবেদন দাখিলের পাশাপাশি বাংলাদেশে তার অপকর্মের সংবাদ ভিডিও ও অডিও সরবরাহ করেন তারা।

এদিকে এ ঘটনার পর ভবিষ্যতে সরকারি আমলা ও এমপিদের কানাডা আগমনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন অনেকে।

ডা. মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্য তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা


সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে। এতে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।



 ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


ফ্লোরেস দ্বীপের মৌমের শহরের বাসিন্দা অগাস্টিনাস ফ্লোরিয়নাস বলেন, ভূমিকম্পে সবাই ঘরবাড়ি ছেড়ে বাঁচার জন্য রাস্তায় নেমে এসেছেন।

মালুকু, পূর্ব নুসা টেঙ্গারা, পশ্চিম নুসা টেঙ্গারা, দক্ষিণপূর্ব ও দক্ষিণ সুলায়েসি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরেসের পূর্বাঞ্চলে, লারানটুকার ১১২ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ১২ কিলোমিটার গভীরে ভূকম্পটির উৎপত্তি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পের পরবর্তী কম্পনও (আফটারশক) ছিল পাঁচ দশমিক ছয় মাত্রার। লারাটুকার নাগরিক জাকারিয়াস জেনটানা কেরানজ বলেন, আমার মনে হয়েছে, একটা স্রোতের মধ্যে আমি ওঠানামা করেছি।

ভূমিকম্পন-প্রবণ প্যাসিফিক রিং অব ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের দেশ ইন্দোনেশিয়া। গেল ৪ ডিসেম্বর জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির উদগীরণে ৪৮ জন নিহত ও কয়েক মানুষ আহত হয়েছেন।

ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার


 

কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।


বিকেল সাড়ে ৩টার দিকে মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/১৪ ব্লকের জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/১৪ ব্লকের সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), একই ক্যাম্পের মৃত আবু সুফিয়ানের ছেলে মো. আয়াছ (২২) ও ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইষ্ট) এ ব্লকের আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)।

অস্ত্রসহ ৩ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক।

তিনি জানান, গোপন সূত্রে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে- এমন খবর পেয়ে আর্মড পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে অস্ত্র ও গুলি পাওয়া যায়। গ্রেপ্তার ৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ওষুধ কিনতে গিয়ে নির্বাচনী সংঘর্ষে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর


 

পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মোহাম্মদ নাসিম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।


বিকেলে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাসিম (২০) দুবলিয়া হাজী জসীমউদ্দিন কলেজের ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী। তিনি চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়া গ্রামের নায়েব আলীর ছেলে।

এ ঘটনায় চরতারাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল আলম টুটুল ও সুজানগর পৌর আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে তারাবাড়িয়া বাজারে নৌকার প্রার্থী রবিউল আলম টুটুল ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের পৃথক প্রচারণা মিছিল থেকে সংঘর্ষ বেধে যায়। এসময় সিজার হওয়া বোনের ওষুধ কিনতে আসা নাসিম সংঘর্ষের ছবি তার মুঠোফোনে ধারণ করতে থাকে। ছবি ধারণ করা দেখে কয়েকজন যুবক নাসিমের উপর হামলা চালিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে।

এসময় তাকে বাধা দিতে গেলে আরও কয়েকজন ছুরিকাহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খান নাসিমকে নিজের কর্মী বলে দাবি করলেও সে কারো সমর্থক নয় বলে জানিয়েছে পরিবার।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় যুবককে পিটিয়ে হাসপাতালে ভর্তি


 

ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশের অন্যতম উপায় ‘রিঅ্যাক্ট’ দেওয়া। ফেসবুকে অনেকেই অন্যের পোস্টে রিঅ্যাক্ট দেন। কিন্তু অনুভূতি প্রকাশ করতে গিয়ে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়ে বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক। প্রতিবেশীর হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।


ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকায় এমন ঘটনা ঘটেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ ডিসেম্বর নিজেরই এক প্রতিবেশী জয়ন্ত সিংয়ের এক ফেসবুক পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দিয়েছিলেন ওম প্রকাশ নামে এক যুবক। কিন্তু এতে ভীষণ ক্ষেপে যান জয়ন্ত।

হাসপাতালে চিকিৎসাধীন ওমপ্রকাশ জানান, রোববার রাতে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় জয়ন্ত তার দলবল নিয়ে হামলা চালায় ও বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ওমপ্রকাশের স্বজনেরা লঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। 

ডা. মুরাদের বিরুদ্ধে মামলার হিড়িক


 নারীদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।গতকাল (১২ ডিসেম্বর) ও আজ মিলে দেশের ৭টি জেলায় মামলার আবেদন করা হয়েছে তার বিরুদ্ধে।


নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের সেরেস্তায় এ মামলার আবেদন করা হয়।এ অভিযোগে ডা. মুরাদ হোসেন ছাড়াও আসামি করা হয়েছে মহিউদ্দিন হেলাল নামে অপর এক ব্যক্তিকে। মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।

মামলার বিষয়ে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি খারিজের আদেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।


ডা. মুরাদ হাসানের নামে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দিয়েছেন বগুড়ার এক আইনজীবী।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আইনজীবী সাইফুল ইসলাম তিনি এই অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগে ডা. মুরাদ হোসেন ছাড়াও আসামি করা হয়েছে মহিউদ্দিন হেলাল নামে অপর এক ব্যক্তিকে। এদিকে আদালত অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য রেখেছন বিচারক জিয়াউর রহমান।

মামলার বিষয়ে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলাটি খারিজের আদেশ দেন।


ডা. মুরাদ হাসান ও সাক্ষাৎকার নেওয়া সেই মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার।

রোববার (১২ ডিসেম্বর) সাইবার ট্রাইব্যুনালের আদালত তোফাইল হাসানের আদালতে এ মামলা দায়ের করা হয়।


খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আদালতে আবেদনের শুনানি হবে। গত রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন।


সিলেট:

গতকাল রোববার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান।

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলা করা হয়। আদালত ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে আগামী ১৫ তারিখ আদেশ দেবেন মর্মে মামলা গ্রহণ করেছেন।


ময়মনসিংহ:

ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতেও মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরী। আজ সোমবার এই মামলার আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোন সময় সিবিএম এর উপস্থাপক নাহিদ তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন; যা মুসলিম ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ এবং দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির বহিঃপ্রকাশ।



খাবারের আগে যে তিন কাজ সুন্নত


 আল্লাহর রাসুল (সা.) তার সাহাবিদের মানবজীবনে প্রয়োজনীয় প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছেন। ক্ষুদ্র থেকে বৃহৎ— কোন বিষয় কীভাবে করতে হবে এবং কেমন হওয়া উচিত, তার সবকিছু তিনি জানিয়েছেন। রাসুল (সা.) তার প্রিয় সাহাবিদের ক্ষুদ্র থেকে বৃহৎ—প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য। তার কর্মপদ্ধতি অনুসরণ করলে ‍মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফল্গুধারা।

আল্লাহর রাসুল (সা.) কীভাবে খাবার খেতেন এবং খাবার গ্রহণে তার কী কী সুন্নত ও পদ্ধতি ছিল— সে সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে প্রচুর আলোচনা এসেছে। সংক্ষিপ্ত পরিসরে খাবারের আগের তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হলো।


খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা

রাসুল (সা.) খাবার গ্রহণের আগে সব সময় ‘বিসমিল্লাহ’ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও। এবং তোমার দিক হতে খাও। ’ (বুখারি, হাদিস নং : ৫১৬৭, তিরমিজি, হাদিস নং : ১৯১৩)

হাত ধুয়ে শুরু ও শেষ করা

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অনুরূপভাবে খাবার খাওয়ার আগে হাত ধোয়া সুন্নত। এটা আবশ্যকও বটে। রাসুল (সা.) খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পানাহারের ইচ্ছে করলে, তার উভয় হাত ধুয়ে নিতেন। এরপর খাবার গ্রহণ করতেন কিংবা পান করতেন। (নাসায়ি, হাদিস : ২৬৭; বুখারি, হাদিস : ২৮৮; মুসলিম, হাদিস : ৩০৫; আবু দাউদ, হাদিস : ২২২; ইবনে মাজাহ, হাদিস : ৫৮৪; আহমাদ, হাদিস : ২৪০৮৩)

অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। (মুসনাদে আহমাদ ও ইবনে মাজাহ)

দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া

খাবার খাওয়ার সময় দস্তারখান বিছানো আভিজাত্য। এটা আমাদের নবী কারিম (সা.)-এর সুন্নতও বটে। আনাস (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) পায়াবিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা (রা.) কে জিজ্ঞেস করা হলো, তাহলে কীসের ওপর খানা খেতেন? তিনি বললেন, ‘চামড়ার দস্তরখানের ওপর।’ (বুখারি, হাদিস : ৫৩৮৬)

অজান্তেই পর্নোগ্রাফিতে জড়ান মডেল-অভিনেত্রীরা, তথ্য ফাঁস


 ভারতের নিত্যনতুন মডেল-অভিনেত্রীরা নিজের অজান্তেই পর্নো ছবিতে অভিনয় করে ফেলছেন বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। মূলত তারা বুঝতেও পারেন না কখন ক্যামেরার সামনে নিজেদের পোশাক খুলে ফেলছেন। ভারতের একাধিক মডেল এমন অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন। আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি এমনটাই দাবি করেছেন ভারতের ‘বিউটি কুইন’ খ্যাত পরী পাসোয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের আঁতুড়ঘর হচ্ছে মুম্বাই। অসংখ্য প্রযোজনা সংস্থার দপ্তর সেখানে। কারা কী সিনেমা করছেন, তার হিসাব রাখা সহজ নয়। তাই ভুল করে ফেলেন অনেকেই। অভিযোগকারী পরী জানিয়েছেন, এই না জানারই সুযোগ নেয় কিছু চক্র। যারা মুম্বাইয়ে বসেই পর্নো ছবির ব্যবসা চালান। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কীর্তি প্রকাশ্যে এসেছে।


২০১৯ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন পরী পাসোয়ান। তার অভিযোগ, তার অজান্তেই তাকে দিয়ে পর্নো ছবির শুটিং করানো হয়েছিল। তিনি নিজে অবশ্য রাজ কুন্দ্রার সংস্থার নাম করেননি। তবে বলেছেন, কাজের জন্য ডাক পেয়ে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থার দফতরেই ভয়াবহ অভিজ্ঞতা হয় তার।

পরী আরও বলেন, সাক্ষাৎকারের আগে তাকে নরম পানীয় দেয়া হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তারপরে বেশ কয়েক ঘণ্টার কথা আর মনে নেই তার। তবে ঠিক কী হয়েছিল, তা মনে করতে না পারলেও তার সঙ্গে যে মারাত্মক খারাপ কিছু হয়েছে তা বুঝতে পেরেছিলেন পরী। বিষয়টি বুঝে তিনি পরের দিনই স্থানীয় থানায় ঘটনাটি জানান এবং ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেন। তবে ততোক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে পরীর আপত্তিকর ভিডিও।


ঘটনাটি যে সময় ঘটে তার কিছুদিন আগেই বিয়ে হয়েছিল পরীর। ভাইরাল হওয়া ভিডিওটির প্রসঙ্গ তুলে পরীর বিরুদ্ধে অভিযোগ করেন তার স্বামী নীরজ পাসোয়ান এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা। পরী অবশ্য জানিয়েছেন, ভিডিওটি যখন শুট করা হয়েছিল তখন তার জ্ঞান ছিল না। তার অনুমান, পানীয়তে মাদক মিশিয়ে কিছুক্ষণের জন্য তাকে শুধু একটি মস্তিষ্কহীন শরীরে পরিণত করা হয়েছিল। তাই তাকে এ ক্ষেত্রে দোষ দেয়া যায় না। কারণ তিনি একটি চক্রের পরিকল্পিত কুকর্মের শিকার।


সতর্ক না হলে ওমিক্রন ঠেকানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে যদি সবাই নিজ থেকে সতর্ক না হই, তাহলে এটিকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের প্রস্তুতি রয়েছে। কিন্তু ওমিক্রনে আক্রান্ত দেশগুলোতে প্রতিনিয়ত লোকজন আসা যাওয়া করছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দল জিম্বাবুয়েতে গিয়েছিল, সেখান থেকে আসার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তারপর পরীক্ষা-নিরীক্ষা করে দুজনের দেহে ওমিক্রন পেয়েছি। তারা উভয়েই সুস্থ আছে। এখন পর্যন্ত তাদের মাধ্যমে অন্য কারো দেহে ওমিক্রন ছড়ায়নি।

তিনি বলেন, আমাদের অবশ্যই এ বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ হলো আমাদের দেশের অনেক মানুষ বিদেশে আসা-যাওয়া করছে। ওমিক্রন ছড়িয়ে পড়া ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ আমাদের দেশে আসছে। কাজেই আমরা যদি নিজেরা সতর্ক না হই, তাহলে ওমিক্রন ঠেকিয়ে রাখা খুবই কঠিন।


জাহিদ মালেক বলেন, আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। করোনা হাসপাতাল যেগুলো ছিল, সেগুলোকে যেভাবে আমরা প্রস্তুত করেছিলাম, সেগুলো সে অবস্থাতেই আছে। বরং ওমিক্রন মোকাবিলায় হাসপাতালগুলোকে আপগ্রেড করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের টিকা নিয়ে কোনো শঙ্কা নেই। ৩০ কোটি ডোজ টিকা এরইমধ্যে সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৪ কোটি ডোজ এখনো মজুদ আছে।

বুস্টার ডোজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা বুস্টার ডোজের বিষয়ে কাজকর্ম করছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বুস্টার শুরুর আগে আমাদের সংখ্যাটি নির্ধারণ করতে হবে। এছাড়াও আরও কিছু কাজকর্ম আছে। এই মুহূর্তে আমরা সুরক্ষা অ্যাপটিকে আপগ্রেডের কাজ করছি।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বার্ন জং রানা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন প্রমুখ।

Saturday, December 11, 2021

ববিতে ২২ হাজার টাকায় ফলাফল পরিবর্তনের গুজব

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ সেশনের ভর্তি প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হচ্ছে গুজব। ফলে বিভ্রান্তিতে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
গত কয়েকদিন ধরে ফেসবুকে মো. আজিজুল হক নামের একটি আইডি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির সহায়তা সংক্রান্ত বিভিন্ন গ্রুপে 'বরিশাল বিশ্ববিদ্যালয় রেজাল্ট চেঞ্জ'  শিরোনামে একটি মন্তব্য ভাইরাল হয়। যেখানে লেখা হয়, কারো যদি সাবজেক্ট না আসে বা রেজাল্ট খারাপ হয় অথবা পছন্দমতো সাবজেক্ট না পাওয়া যায় তবে ৬ ঘণ্টার মধ্যে ২২ হাজার টাকার বিনিময়ে কাজ করে দেওয়া হবে। তবে ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করতে হবে।

এছাড়া ওই আইডি থেকে ইতোমধ্যে একাধিক শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হয়েছে তাদের কাছে অগ্রিম পেমেন্ট বিকাশের মাধ্যমে চেয়েছেন ঐ আইডিধারী। কর্তৃপক্ষের ধারণা, এটি ফেক বা ভুয়া আইডি।


এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বলেন, আমাদের কাছে এরকম কয়েকটি ইস্যু এসেছে। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। এছাড়া শনাক্ত করতে পারলে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি এবং ফলোআপ করছি। দ্রুতই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করব।

যেসব স্থানে পাওয়া যাবে ফাইভ-জি


 

জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়াসহ দেশের ছয়টি স্থানে ফাইভ-জি সেবা চালু হচ্ছে রোববার (১২ ডিসেম্বর)। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের এই টেলিকম সেবার উদ্বোধন করবেন।


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, পরীক্ষামূলক সময়ে ফোর-জি সিমেই মিলবে ফাইভ-জি সেবা।

বিজয়ের মাসে প্রযুক্তি ক্ষেত্রে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বের ৯ম দেশ হিসেবে রোববার চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের টেলিকম।

শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রাথমিকভাবে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি-৩২,জাতীয় স্মৃতিসৌধ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চালু হচ্ছে ফাইভ-জি সেবা। প্রথম পর্যায়ে টেলিটকের নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোর-জি সিম ফাইভ-জিতে সংক্রিয় করে দেওয়া হবে। তবে হ্যান্ডসেটটি অবশ্যই ফাইভ-জি হতে হবে।

এসময় মন্ত্রী জানান, ফাইভ-জির বাণিজ্যিক কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্চে হবে তরঙ্গ নিলাম। একইমাসে বাজারে আসবে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফাইভ-জি হ্যান্ডসেট।

মোস্তাফা জব্বার বলেন, দেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু করতে ৪৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার। যারমধ্যে বিনামূল্যে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে টেলিটক।

আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে।

দুই হাজার ২২ সালের পর টেলিটক ও বিটিসিএল এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল  ইকোনোমিক জোনসমূহে এই সেবা চালু করার প্রস্তুতি চলছে।

কোন রক্তের গ্রুপের মানুষ করোনায় বেশি আক্রান্ত হন?


 

ভারতের দিল্লির একদল চিকিৎসক দাবি করেছেন, রক্তের আরএইচ এর ওপর করোনা সংক্রমণের ঝুঁকি কম-বেশি হয়।


চিকিৎসকেরা বলছেন, যাদের রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ এবং ‘বি পজিটিভ’ তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অন্যদিকে, ‘ও নেগেটিভ’ এবং ‘এবি নেগেটিভ’ গ্রুপের রক্ত যাদের, তাদের করোনা সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম।

সম্প্রতি স্যার গঙ্গা রাম হাসপাতালের (এসজিআরএইচ) গবেষণা এবং রক্ত সঞ্চালন মেডিসিন বিভাগ এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করে।

হাসপাতালের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২,৫৮৬ জন করোনা রোগীর ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। এসব রোগী গত ৮ এপ্রিল থেকে ৪ অক্টোবরের মধ্যে হাসপাতালে ভর্তি হন। রিয়েল টাইম পিসিআর টেস্টের মাধ্যমে তাদের করোনা শনাক্ত করা হয়।

এসজিআরএইচ-এর বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘বি পজিটিভ‘ রক্তের নারীর চেয়ে পুরুষের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। ‘এবি পজিটিভ‘ রক্তের যেসব মানুষের বয়স ৬০ বছরের বেশি তাদেরও করোনা সংক্রমণের শঙ্কা বেশি।

প্রসঙ্গত, আরএইচ ফ্যাক্টর হলো রক্তের রেসাস ফ্যাক্টর, যা এক ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন পাওয়া যায় অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকায়। রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে তা এই রেসাস ফ্যাক্টরের মাধ্যমেই নির্ণয় করা হয়। কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তার রক্তের গ্রুপ হয় পজিটিভ।